বিশ্বকাপ ইস্যুতে আইসিসি বাংলাদেশকে কোন সময়সীমা দেয়নি: আমজাদ হোসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে আইসিসি বাংলাদেশকে কোন সময়সীমা দেয়নি: আমজাদ হোসেন

নিরাপত্তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের ভাগ্য এখনো ঝুঁলে রয়েছে। বুধবারের (২১ জানুয়ারি) মধ্যে আইসিসি সময় বেঁধে দিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। তবে আইসিসি থেকে কোন নির্দিষ্ট সময়সীমার তথ্য অস্বীকার করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও মিডিয়া বিভাগের প্রধান আমজাদ হোসেন জানান, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে কোনো সময়সীমা সম্পর্কে জানানো হয়নি।

তিনি বলেন, ‍“গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি দলের সাথে ঢাকায় আমাদের একটি বৈঠক হয়েছে। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্যগুলো দেই যে, ভেন্যুতে (ভারতে) খেলতে অপরাগ। বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়।”

আমজাদ হোসেন বলেন, “তারা (প্রতিনিধি দল) তখন আমাদের জানান যে, বিষয়গুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন -এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তীতে জানিয়ে দেবে।”

নিলাম থেকে দলে ভেড়ালেও নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর একই ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। পরবর্তীতে ভারত থেকে বাংলাদেশের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত না হওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে বাংলাদেশে এখনো ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় রয়েছে।



শেয়ার করুন :