বাংলাদেশ নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

ছবি ভিডিও থেকে নেওয়া

নিরাপত্তার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের দাবির সাথে আবারও একমত পোষন করে শ্রীলঙ্কায় ম্যাচ সরাতে আইসিসি অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। একই সাথে জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশটির সরকার।

টি-টোয়েন্টে বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাকভি বলেন, ‍“বাংলাদেশের সাথে অন্যায্য আচরণ করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। দ্বিমুখী আচরণ করা যাবে না, যেখানে এক দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য দেশের জন্য সম্পূর্ণ বিপরীত আচরণ।”

তিনি আরও বলেন, “এ জন্যই আমরা (পিসিবি) অবস্থান নিয়েছি যে, বাংলাদেশের সাথে অন্যায্য আচরণ করা হচ্ছে এবং যেকোনো অবস্থাতেই তাদের বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত। তারা একটি প্রধান অংশীদার এবং এই অবিচার করা উচিত নয়।”

বাংলাদেশকে খেলতে না দিলে বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য বয়কট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি। তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আইসিসিকে বাংলাদেশের জন্য হাইব্রিড মডেলের পরামর্শ দেওয়া হবে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি হলো বাংলাদেশ পাকিস্তানের একই সদস্য। আমাদের অবস্থান হলো, আপনি যদি পাকিস্তান ও ভারতের সাথে এই উপকার (হাইব্রিড মডেল) করে থাকেন, তাহলে বাংলাদেশের সাথে একই আচরণ করা উচিত।”

ভারতকে ঈঙ্গিত করে পিসিবি সভাপতি বলেন, “একটি দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না। আর যদি এই নির্দেশ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানের অবশ্যই নিজস্ব অবস্থান আছে।”

বাংলাদেশকে বাদ দেওয়া হলে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি-না বা এ জন্য কোন দেশটির ‘প্ল্যান বি’ আছে কি-না, জানতে চাইলে নাকভি বলেন, “সিদ্ধান্তটি (আইসিসি থেকে) আগে আসুক; আমাদের প্ল্যান এ, বি, সি, ডি আছে।”



শেয়ার করুন :