মিরপুর স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশে বিসিবির নতুন নির্দেশনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশে বিসিবির নতুন নির্দেশনা

ভেন্যু এবং অফিসের নিরাপত্তা, সুরক্ষা এবং সুশৃঙ্খল কার্যক্রমের বৃহত্তর স্বার্থে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই নির্দেশনার মাধ্যমে মূলত নির্দিষ্ট কার্যক্রম ছাড়া স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নিষেধ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিসিবি থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বলা হয়, শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং এর আশেপাশের প্রাঙ্গণে চলমান নিরাপত্তা বৃদ্ধির ব্যবস্থার অংশ হিসেবে সংশোধিত প্রবেশের নিয়ম-কানুন চালু করা হয়েছে। ব্যবস্থাগুলো স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকল ব্যক্তির জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে মিডিয়া প্রতিনিধিরাও (ক্রীড়া সাংবাদিক) অন্তর্ভুক্ত থাকবে।

বিসিবি সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ প্রচার, থানায় জিডি

স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য চারটি বিষয় উল্লেখ করে বিসিবি। সেগুলো হলো- ম্যাচের দিন, ⁠অফিসিয়াল প্রেস কনফারেন্স, ⁠বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রিত অনুষ্ঠান এবং ⁠বিসিবি কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট অনুশীলন অধিবেশন।

উল্লেখিত দিনগুলোতে প্রবেশের জন্য সাংবাদিকদের স্টেডিয়ামের এক নম্বর গেট ব্যবহার করতে হবে বলা হয়েছে। একই সাথে ভেন্যু এবং বিসিবি অফিসের নিরাপত্তা, সুরক্ষা এবং সুশৃঙ্খল কার্যক্রমের বৃহত্তর স্বার্থে বিষয়গুলো সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত কতে সংশ্লিষ্ট সকলের সমঝোতা এবং সহযোগিতা কামনা করেছে বিসিবি।



শেয়ার করুন :