নর্থ জোনের পাহাড়সম রান টপকে সেন্ট্রাল জোনের জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ জোনের পাহাড়সম রান টপকে সেন্ট্রাল জোনের জয়

নর্থ জোনের করা ৩২২ রানের পাহাড়সম রান টপকে জয় তুলে নিয়েছে সেন্ট্রাল জোন। নর্থ জোনের তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ম্লান করে ওপেনার জিশান আলমের শতকে টানা দ্বিতীয় জয় তুললো সেন্ট্রাল জোন।

ব্যাট হাতে জিশান আলম ৯৩ বলে ১২৭ রানের ইনিংস খেলেন। এছাড়া মাহফিজুল ইসলাম রবিনের ফিফটি এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ২৬ বলে ৫৪ রানে শেষ ওভারে নাটকীয় জয় পায় সেন্ট্রাল জোন।

আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে একপ্রকার ধরেই নিয়েছিল ম্যাচটা নর্থ জোন জিততে চলছে। তবে ২ উইকেটে জয় তুলে নেয় সেন্ট্রাল জোন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে তাওহিদ হৃদয়ের শতক এবং তানজিদ হাসান তামিম ও সাব্বির রহমানের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে তোলে নর্থ জোন।

তাওহিদ হৃদয় ৮টি বাউন্ডারির সাহায্যে ১১৩ বলে ১০২ রান করেন। এছাড়া তানজিদ হাসান তামিম ৪টি ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারির সাহায্যে ৯২ বলে ৯২ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। সাব্বির রহমান ৫টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে করেন ৭৩ রান।

সেন্ট্রাল জোনের আবু হায়দার রনি ৫৯ রানে ৪টি এবং রিপন মন্ডল ৬৪ রানে ২টি উইকেট শিকার করেন।

২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.২ ওভারে ২ উইকেটে জয় তুলে নেয় সেন্ট্রাল জোন। জবাবে টপ অর্ডারে মোহাম্মদ নাইম ১০ ও সাইফ হাসান ১৪ রানে ফিরলেও তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন জিশান ও মাহফিজুল ইসলাম।

এই জুটিতে সেঞ্চুরি তুলে থামেন জিশান। ৯৩ বল খেলে ১৬টি চার ও ৫টি ছক্কায় নিজের ১২৭ রানের ইনিংসটি সাজান জিশান।

এরপর মাহফিজুল ৫৪ ও অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৩৯ রানে আউট হলে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে সেন্ট্রাল জোন। তবে সাত নম্বরে নামা মোসাদ্দেকে হোসেনের ২৬ বলে ৫৪ রানের ক্যামিও ইনিংসে দারুণ জয় পায় সেন্ট্রাল জোন। মোসাদ্দেকের অনবদ্য ইনিংসে ৪টি করে চার-ছক্কা ছিল। নর্থ জোনের স্পিনার রিশাদ হোসেন ৩ উইকেট নেন।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সেন্ট্রাল জোন। তৃতীয় ম্যাচে প্রথম হারের দেখা পেল নর্থ জোন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :