বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে তিরস্কার করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদ্য শেষ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে জ্যোতিকে তিরস্কার করা হয়।
সোমবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে।
বলা হয়, ম্যাচ চলাকালীন লেভেল-১ আচরণবিধি ভঙ্গের অপরাধে জ্যোতিকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। যা গত ২৪ মাসে জ্যোতির এটাই প্রথম অপরাধ।
আইসিসির প্লেয়ার্স ও প্লেয়ার সাপোর্ট পারসোনেল আচরণবিধির ২.২ ধারার লঙ্ঘন করেছেন জ্যোতি। যা ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, গ্রাউন্ডের যন্ত্রপাতি বা স্থাপনা অপব্যবহার’-এর সঙ্গে সম্পর্কিত।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসে। আউট হওয়ার পর হতাশা প্রকাশ করতে গিয়ে জ্যোতি তার ব্যাট ছুঁড়ে মাটিতে আঘাত করেন। এই আচরণের কারণেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নেন জ্যোতি। ফলে এ বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচটির অন-ফিল্ড আম্পায়ার ছিলেন- এলোইস শেরিডান ও শাথিরা জাকির জেসি। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার ছিলেন চাম্পা চাকমা -তারাই অভিযোগটি দায়ের করেন।
লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি হিসেবে তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। তবে জ্যোতির ক্ষেত্রে তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
