জাহানারাকে ‘যৌন হয়রানি’ করেছিল মঞ্জুরুল, প্রমাণ পেয়েছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
জাহানারাকে ‘যৌন হয়রানি’ করেছিল মঞ্জুরুল, প্রমাণ পেয়েছে বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলামের উত্থাপিত অভিযোগ নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে দুটি বিষয় প্রমাণিত হয়েছে। যার মধ্যে নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের (যৌন হয়রানি) প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিসিবি থেকে সংবাদ মাধ্যমে পাঠানোর বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বিসিবি জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ঘটনাগুলো পূর্ববর্তী বোর্ডের সময়কালে সংঘটিত হলেও বিষয়টি সামনে আসার পর বর্তমান বোর্ড পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বে গঠিত কমিটি জাহানারা আলামের উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করেছে।

কমিটির তদন্তে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কমিটি প্রাথমিকভাবে অনুপযুক্ত আচরণের প্রমাণ পেয়েছে।

কমিটি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ‘অনুপযুক্ত আচরণের’ কথা বললেও জাহানারা আলমের অভিযোগ ছিল ‘যৌন হয়রানির’। মঞ্জুরুল ইসলাম কাঁধে হাত দিয়ে ঋতুস্রাবের তারিখ এবং নিজের বিষয়টিও দেখার কথা জানিয়েছিলেন জাহানারা আলম।

অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিসিবি এখন স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছি।

এছাড়া নারী ক্রিকেটারদের সুরক্ষায় হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায়ের আলোকে বিসিবি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলার নেতৃত্বে অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন অভিযোগ ব্যবস্থা চালু ও বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিসিবি।


বিষয়ঃ

শেয়ার করুন :