চলতি অক্টোবরের দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। বিশ্রামে থাকছেন শাই হোপও। ঘোষিত ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। ওই সিরিজে ক্যাম্পবেলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন কার্ক ম্যাকেঞ্জি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) এক বিবৃতিতে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে জোসেফকে দল থেকে প্রত্যাহার করা হয়েছে। বোর্ডের এমন সিদ্ধান্তে জোসেফেরও সম্মতি রয়েছে।
এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, “যদিও তাকে সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়নি। টেস্ট ম্যাচে পেসারদের শারীরিক চাপ ও চোটের ঝুঁকি তুলনামূলক বেশি। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ফেরার প্রস্তুতির জন্য জোসেফ চিকিৎসক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।”
টেস্ট সিরিজে জোসেফের পরিবর্তে অলরাউন্ডার কিমো পলকে দলে নেওয়া হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় টেস্ট সিরিজে খেলতে পারছেন না জোসেফ। এর আগে ব্যক্তিগত কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে বিবেচনা করা হয়নি।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে রয়েছেন কেমার রোচ, জেইডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন কিমো পল ও জাস্টিন গ্রিভস।
স্পিন বিভাগে বিশেষজ্ঞ বোলার হিসেবে রয়েছেন জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ। অলরাউন্ডার কাভেম হজ ও অধিনায়ক রোস্টন চেজও স্পিন আক্রমণে অবদান রাখবেন।
তিন সংস্করণেই টানা খেলার পর শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিডব্লিউআই। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে তার কাজের চাপ ও শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়েছে বোর্ড।
চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের এটিই শেষ সিরিজ। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহ্যাম।
