দক্ষিণ আফ্রিকার ইনিংসে শেষভাগে ১১ রানের ব্যবধানে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও বাংলাদেশকে স্বস্তি ফিরিয়েছেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৮৭ রান। হাসান ৬২ রানে নিয়েছেন ৩ উইকেট।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে মার্কাস অ্যাকারম্যানের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ভর করে শক্তি অবস্থান তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা। ১৬৪ বলে ২১টি চার ও একটি ছক্কায় ১৫৭ রান করেন অ্যাকারম্যান। এছাড়া জুবায়ের হামজা করেন ৮৩ রান।
শুরুতে উইকেট হারিয়ে ধাক্কা খেলেও তাদের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড কমিয়ে ১১৩ রানে নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ করা ৪০০ রানে জবাবে দিন শেষে ২৮৭ রান করেছে স্বাগতিকরা। অধিনায়ক টেম্বা বাভুমা ১৯ এবং রায়ান রিকেলটন ৭ রানে অপরাজিত আছেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল অ্যাকারম্যান ও হামজার দ্বিতীয় উইকেটে ২০২ রানের দুর্দান্ত জুটি। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ এইডেন মার্করামকে ফিরিয়ে দেওয়ার পর তারা দলের হাল ধরেন।
মার্করাম ৫ রান করে হাসানের বল সতর্কতার সঙ্গে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে দেন। হাসান ও তাসকিন আহমেদের টানা চাপের মধ্যেও দ্বিতীয় সেশনে অপরাজিত থাকেন অ্যাকারম্যান ও হামজা। কঠিন কয়েকটি বোলিং স্পেল সামলে নেন তারা।
হামজাকে আউট করার কাছাকাছি পৌঁছেছিলেন তাসকিন। তাকে এলবিডব্লিউ করেন এই পেসার। কিন্তু তাসকিনের পা ক্রিজের বাইরে চলে যাওয়ায় বলটি নো বল ঘোষণা করেন আম্পায়ার।
ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন অ্যাকারম্যান। ৬৮ বলে টানা তৃতীয় ফিফটি তুলে নেন তিনি। মেহেদী হাসান মিরাজকে ডিপ মিডউইকেট দিয়ে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন এই ব্যাটার।
শুরুর দিকে কিছুটা সংগ্রাম করলেও পরে ইনিংস গুছিয়ে নেন হামজা। মেহেদীর বলে এক রান নিয়ে ৮২ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। প্রধান বোলাররা জুটি ভাঙতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দেন মমিনুল হকের হাতে। তার সিদ্ধান্ত কাজে দেয়।
মমিনুলের বাঁহাতি স্পিনে প্রতিরোধ ভাঙে হামজার। ১২টি বাউন্ডারিতে সাজানো ১২৯ বলে ৮৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
তবে অন্যদিকে দাপট অব্যাহত রাখেন অ্যাকারম্যান। তাসকিনের বলে এক রান নিয়ে ১২৫ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর আরও আক্রমণাত্মক হয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়ান।
শেষ পর্যন্ত ১৫৭ রানে তার ইনিংসের সমাপ্তি ঘটান হাসান। তাসকিনের হাতে ব্যাকওয়ার্ড স্কয়ারে ক্যাচ দিয়ে ফেরেন অ্যাকারম্যান। তার বিদায়ে বাভুমার সঙ্গে ৬১ রানের জুটিও ভাঙে।
কিছুক্ষণ পরই আবার আঘাত হানেন হাসান। ম্যাথু ব্রিটজকেকে ২ রানে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া থেকে বিরত রাখেন তিনি।
রায়ান রিকেলটনকেও আউট করার সুযোগ তৈরি করেছিলেন হাসান। তার বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন রিকেলটন। তবে লিটন দাস সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি।
দিনের শুরুতে আগের দিনের ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে সকালে ৭৩ রান যোগ করতেই অলআউট হয়ে যায় তারা। দলের সংগ্রহ দাঁড়ায় ৪০০ রান।
