দেশের ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ এবং মহিলা বিভাগে একই সংস্থার মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হয়েছে। রাঙামাটির কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ১০ জন পুরুষ এবং ১০ জন মহিলা অংশগ্রহণ করেন।
সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতাটি কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে পর্যটন সুবিধা অবতরণ ঘাটে শেষ হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
পুরুষ বিভাগে ১০ কিলোমিটার সাঁতারে ফয়সাল আহম্মেদ ২ ঘণ্টা ৩ মিনিট সময় নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু আসিফ রেজা ২ ঘণ্টা ৬ মিনিট সময় নিয়ে দ্বিতীয় এবং ২ ঘণ্টা ১১ মিনিট সময় নিয়ে সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন।
মহিলা বিভাগের ৮ কিলোমিটার দূরত্বের সাঁতারে মুক্তি খাতুন ১ ঘণ্টা ৫৫ মিনিট সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ২ ঘণ্টা ২ মিনিট সময় নিয়ে দ্বিতীয় এবং একই সংস্থার পলি খাতুন ২ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন।
বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সাতারুদের অর্থ পুরস্কার দেওয়া হয় এবং সফলভাবে সাঁতার শেষ করার অংশগ্রহণকারী অন্যদের আর্থিক পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
রাঙামাটরি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
