মিরপুরে ৫০ ওভারই স্পিন, বিশ্ব রেকর্ড গড়লো উইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২১ অক্টোবর ২০২৫
মিরপুরে ৫০ ওভারই স্পিন, বিশ্ব রেকর্ড গড়লো উইন্ডিজ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্পিন তকমা পেয়েছে অনেক আগেই। এবার সেই উইকেটে ক্রিকেট ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ রক্ষার ম্যাচে পুরো ৫০ ওভারই বল করেছেন স্পিনাররা। যা প্রায় ৫৫ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথম কোন ঘটনা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে টস হেরে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর স্টেডিয়ামের আট নম্বর উইকেটে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ৫০ ওভারই করেন ক্যারিবীয়দের পাঁচ স্পিনার।

ওয়ানডে ক্রিকেট এক ইনিংসে সবচেয়ে বেশি স্পিনারদের বোলিং করার আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। তিনবার ইনিংসে ৪৪ ওভার পর্যন্ত তারা স্পিনারদের দিয়ে বল করিয়েছিলেন। তবে শ্রীলঙ্কার সেই ভাঙলো ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের পুরো ৫০ ওভারই করেছেন পাঁচ স্পিনার। যা আর ভাঙাও সম্ভব নয়।

শ্রীলঙ্কা ছাড়া ওয়ানডে ক্রিকেট সবচেয়ে বেশি ওভার স্পিন বোলিং করার রেকর্ড ছিল ওমানের দখলে। চলতি বছরই যুক্তরাষ্ট্রকে ৩৫.৩ ওভারে অলআউট করেছিল ওমান। যেকানে সবগুলো ওভারই স্পিন বোলারদের।

বাংলাদেশের বিপক্ষে এই বিশ্ব রেকর্ড গড়ার আগে ওয়ানডে ক্রিকেট এক ম্যাচে সর্বোচ্চ ৩৪ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান। ২০০১ সালে গ্রেনাডায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল তারা। এবার তারা মিরপুরে বিশ্ব রেকর্ড গড়লো।



শেয়ার করুন :