মাশরাফি-সাকিবকে পেছনে ফেলে রিশাদের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২১ অক্টোবর ২০২৫
মাশরাফি-সাকিবকে পেছনে ফেলে রিশাদের রেকর্ড

বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নতুন রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে ১৪ বলে অপরাজিত ৩৯ রান করে এ রেকর্ড বনে যান রিশাদ। এ রেকর্ড গড়ার পথে সাবেক দুই অধিনায়ক মাশরাফি এবং সাকিবকে পিছনে ফেলেন তিনি।

মঙ্গলাবর (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ। নিয়মিত উইকেট হারানোর ম্যাচে ইনিংসের ৪৭তম ওভারে ৯ নম্বরে ব্যাট হাতে ক্রিজে যান রিশাদ।

অধিনায়ক মিরাজের সাথে ৫০ রানের জুটি গড়েন তিনি। যেখানে ব্যাট হাতে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন রিশাদ। এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭। যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যেকোন ব্যাটারের সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড।

এর আগে স্ট্রাইক রেটের রেকর্ডটি ছিল বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ৫টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন মাশরাফি।

এছাড়া ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সাকিব অপরাজিত ৪৪ রান করেছিলেন। দুই ম্যাচেই মাশাফি ও সাকিবের স্ট্রাইক রেট ছিল সমান- ২৭৫ করে।

১৯ বছর পর মাশরাফি-সাকিবের রেকর্ড দখলে নিলেন রিশাদ। এছাড়া এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওই ইনিংসে মুশফিকের স্ট্রাইক রেট ছিল ২৭২.৭২।



শেয়ার করুন :