টেস্ট ম্যাচটি জেতা উচিত ছিল, হতাশাজনক বলছেন শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৯ নভেম্বর ২০২৬
টেস্ট ম্যাচটি জেতা উচিত ছিল, হতাশাজনক বলছেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট ম্যাচটি ড্র হওয়াকে হতাশাজনক বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের ভাষায়, বিষয়টি (ড্র) হতাশাজক, টেস্ট ম্যাচটি জেতা উচিত ছিল। তবে ভালো ব্যাট করতে না পারার দায়টিও স্বীকার করেছেন তিনি।

সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিংটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয়ের রেকর্ড অপরাজিত ২৪২ রানের স্বল্প রানের লিড নিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করলে তখনই নিশ্চিত হয়ে যায় ম্যাচটি ড্র হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) শেষ দিনের খেলায় আলোস্বল্পতার কারণে ঘণ্টাখানিক আগেই সমাপ্তি টানেন আম্পায়াররা। ৪ উইকেটে ১৮৪ রান করা বাংলাদেশের সামনে আর কিছুই করার ছিল না, ম্যাচটি ড্র হয়।

ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন, “আমার মনে হয় বিষয়টি (ড্র) হতাশাজনক, টেস্ট ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, যার খেসারত হিসেবেই ম্যাচটি হাতছাড়া হয়েছে। সামগ্রিকভাবেও এটি হতাশাজনক।”

দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, “ব্যাটিংয়ে আমাদের ধারাবাহিকতার অভাব ছিল। দলের সম্মিলিত পারফরম্যান্সও যথেষ্ট ছিল না। আমরা কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করছিলাম, কিন্তু মাঠে তা বাস্তবায়ন করতে পারিনি।”

সিলেট টেস্টে পেসাররা ভালো করলেও স্পিনারদের তেমন সাফল্য ছিল না। শান্ত বলেন, “স্পিন বোলাররা ভালো বল করতে পারেননি। তবে ভালো দিক হলো, পেস বোলাররা দারুণ বোলিং করেছেন।”

ড্র হওয়া টেস্ট ম্যাচটিতে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তাওহিদ হৃদয়। মূলত প্রথম ইনিংসে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের সুবাদেই ম্যাচটি ড্র’য়ের দিকে গিয়েছে।

হৃদয়ের প্রসংশা করেন টাইগার অধিনায়ক বলেন, “হৃদয় সাদা বলের ক্রিকেটে কতটা ভালো, তা আমরা সবাই জানি। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও সে দারুণ খেলেছে। আমি তার পারফরম্যান্সে খুবই খুশি এবং আশা করি সে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।”



শেয়ার করুন :