৯৯ রানে বিচলিত নন মুশফিক: মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
৯৯ রানে বিচলিত নন মুশফিক: মমিনুল

ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি থেকে ১ রান দূরে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মিরপুরে শুরু হওয়া আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক।

সেঞ্চুরির লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামবেন মুশফিক। এমনটাই মনে করেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার মমিনুল হক। তার মতে, ইনশা আল্লাহ কাল (বৃহস্পতিবার) সেঞ্চুরি হয়ে যাবে। আজ না হওয়ায় আমরা বা মুশফিক বিচলিত নন।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মমিনুল বলেন, “সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন। এক সময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে সেঞ্চুরি। কিন্তু তারা বোলিংয়ে দেরি করায় শতক হয়তো হয়নি। আমারও সেঞ্চুরি নিয়ে খুব বেশি চিন্তিত না। কারণ ১শ বা ২শ করার অভ্যাস তার আছে।”

তিনি বলেন, “আমিও জানি, এসব বিষয় (সেঞ্চুরি) নিয়ে মুশফিক বিচলিত হয় না। আল্লাহর রহমতে এসব নিয়ে প্যানিক কম হয় সে। তার আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো চিন্তার বিষয় ছিল। যেহেতু মুশফিক তাই চিন্তার কিছু নাই। আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশা আল্লাহ হয়ে যাবে।”

৯৫ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে মুশফিকের সাথে ২১৪ বলে ১০৭ রানের জুটি গড়েন মমিনুল। এরপর লিটন-মুশফিক যোগ করেন অবিচ্ছিন্ন ৯০ রান। প্রথম দিন শেষে বাংলাদেশ পায় ৪ উইকেটে ২৯২ রান।

প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রান করার লক্ষ্য বাংলাদেশের। মমিনুল বলেন, “আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে এখানে যদি ৩৫০ রান করেন এই মাঠে ৪শ রানের সমান। ৪০০-৪৫০ রান হলে তো আরও ভালো। আমরা এখন যে অবস্থায় আছি, আমার কাছে মনে হয় ৪৫০ রান হয়ে যাবে।”



শেয়ার করুন :