ফিফটির ইনিংস খেলে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১১ মে ২০২৬
ফিফটির ইনিংস খেলে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিফটি রান করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে আউট হন মুমিনুল। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটার।

সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে মুমিনুলের পরিসংখ্যান ছিল- ৭৫ ম্যাচে ৪৮৫৯ রান। ম্যাচের প্রথম ইনিংসে ৯১ রান করেন তিনি। ফলে তার টেস্ট ক্যারিয়ারের রান গিয়ে দাঁড়ায় ৪৯৫০।

ফলে ৫ হাজার রান থেকে ৫০ রান দূরে ছিলেন মুমিনুল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরিতে পা দিয়ে ৫ হাজার রানের মালিক হন তিনি। ৭৬ টেস্টে মুমিনুলের রান এখন ৫০০৬।

মোমিনুলের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ১শ টেস্টে ৬৫৮১ (মিরপুর টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত) রান নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড মুশির।

সর্বোচ্চ ১৩টি করে সেঞ্চুরি আছে মুশফিক ও মোমিনুলের। পাশাপাশি মুশফিক ২৯টি ও মোমিনুল ২৭টি হাফ-সেঞ্চুরি হাঁকান। ৭০ টেস্টে ৫১৩৪ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন তামিম। ১০ শতকের সাথে ৩১টি অর্ধশতক আছে এই বাঁ-হাতি ব্যাটারের।

৭১ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৪৬০৯ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব আল হাসান। তালিকার পঞ্চম স্থানে আছেন লিটন দাস। ৫২ ম্যাচে ৩১৫০ রান (মিরপুর টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত) করেছেন তিনি।



শেয়ার করুন :