জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে তাওহিদ হৃদয়, চমক রবিউল হক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১১ জুন ২০২৬
জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে তাওহিদ হৃদয়, চমক রবিউল হক

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট দলে ডাক পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়। এছাড়া নতুন মুখ হিসেবে লাল বলের ক্রিকেটে ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার রবিউল হক।

বৃহস্পতিবার (১১ জুন) টাইগারদের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নির্বাচক প্যানেল এই দল ঘোষণা করেন।

টেস্ট দলে তাওহিদ হৃদয়ের জন্য যদিও এটি দ্বিতীয়বার। দলে থাকলেও লাল বলের ম্যাচ খেলা হয়নি। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি।

নতুন মুখ রবিউল ছাড়া টেস্ট দলে ফিরেছেন দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। এছাড়া ১৫ সদস্যের দল থেকে বিশ্রাম পেয়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

জিম্বাবুয়ে সফরে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ শেষে জিম্বাবুয়ে যাবে নাজমুল হোসেন শান্তরা। হারারেতে ২৮ জুন থেকে শুরু হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।

বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।



শেয়ার করুন :