ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। এ জন্য ম্যাচের দ্বিতীয় দিন বোলিং করেননি তাইজুল।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) ব্যাটিং করার সময় আঙুলে চোট পান তাইজুল, আঙুল থ্যাঁতলে গেছে। এরপর সেখানে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করা হবে।”
আঙুলে ব্যান্ডেজ নিয়ে কোচ ও সতীর্থদের সাথে খোসগল্পে মেতেছেন তাইজুল, ছবি- বিসিবি
তাইজুল বোলিং করতে না পারায় অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারের সাথে কথা বলে পেসার মুশফিক হাসানকে পরখ করেছে বাংলাদেশ। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি মুশফিক।
মুশফিককে খেলানো নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, “অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারের সাথে কথা বলে তাইজুলের জায়গায় আমরা সুযোগ নিয়েছি, যাতে মুশফিককে দেখতে পারি। তারা রাজি হওয়ায় আজকে মুশফিক বোলিং করতে পেরেছে।”
