অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ম্যাচটিতে পুরো সময়জুড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপ তৈরি করে খেলেছে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ২৩ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে ইতিহাস গড়লো টাইগাররা। টেস্ট ইতিহাসে অসিদের বিপক্ষে এটি দ্বিতীয় জয় বাংলাদেশের। ২০১৭ সালে ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথম হারিয়েছিল টাইগাররা।

প্রথম ইনিংসে হাসান মাহমুদের ৬ উইকেট শিকারে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের জোড়া ফিফটিতে ৪২৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের লিড পায় টাইগাররা।

তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে তখনও ৬৭ রানে পিছিয়ে ছিল অসিরা। ক্যামেরন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন ক্যারিকে ৩০, বো ওয়েবস্টারকে ৫, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ৮ রানে বিদায় করেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। মিচেল স্টার্ককে ১৮ রানে তাসকিন আহমেদ এবং সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ১০৪ রানে থামান হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ার শেষ ব্যাটার নাথান লায়নকে ১৫ রানে লেগ বিফোর আউট করেন মিরাজ। ফলে ২৮৪ রানে গুটিয়ে যায় অসিরা। এতে জয়ের জন্য বাংলাদেশকে ৫৭ রানের টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়া।

বল হাতে বাংলাদেশের মিরাজ ৬৬ রানে ৫টি, হাসান মাহমুদ ৩টি ও তাইজুল ইসলাম-তাসকিন ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউডের শিকার হয়ে খালি হাতে সাজঘরে ফিরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান।

এরপর দ্বিতীয় উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৪.২ ওভারে বাংলাদেশকে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ দেন ওপেনার সাদমান ইসলাম ও মমিনুল হক। সাদমান ৪টি চারে ২৫ এবং ২ বাউন্ডারিতে মোমিনুল ৩০ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ১ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ।



শেয়ার করুন :