ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে ফল পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটারদের তালিকায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯ ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়া টাইগার পেসার হাসান মাহমুদ এগিয়েছেন ২৬ ধাপ।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবার উপরে ১৮তম স্থানে রয়েছেন মুশফিকুর রহীম। তবে হালনাগাদ র্যাঙ্কিংয়ে কোন পরিবর্তন হয়নি। শান্ত ছাড়াও ডারউইন টেস্টের পর ৫ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন সাবেক অধিনায়ক মমিনুল হক। তবে পাঁচ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন লিটন দাস।
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া নিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা টাইগার ওপেনার র্যাঙ্কিং তালিকায় যুক্ত হয়েই ৮৪ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।
শুধু ব্যাটারদের তালিকাতেই নয়, বোলাদের মাঝে ২৬ ধাপ উপরে উঠেছেন ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়া টাইগার পেসার হাসান মাহমুদ। ৫০৩ রেটিং নিয়ে হাসানের বর্তমান অবস্থান ৩৮তম স্থানে।
এছাড়া বোলারদের তালিকায় ৩ ধাপ উপরে উঠে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছেন মিরাজ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজ আছেন আগের মতোই তিন নম্বরে। বোলারদের মাঝে বাংলাদেশের হয়ে সবার উপরে রয়েছেন তাউজুল ইসলাম। ডারউইন টেস্ট শেষে তার কোন অবস্থান পরিবর্তন হয়নি, রয়েছেন ১১তম স্থানে।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার খেসারত দিয়ে ব্যাটিংয়ের নাম্বার ওয়ানের জায়গা হারিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। দুই ইনিংসে ২২ ও ১৭ রান করা হেড ৩ ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন।
