তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুুরিতে ভর করে প্রথম ইনিংসে লিড নিলেও চতুর্থ দিন শেষে হতাশায় বাংলাদেশ। দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান করেছে সফরকারীরা। যেখানে ক্যারিবিয়ানদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছিল ২০০৯ সালে, সেটাও এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জয় পাওয়া বাংলাদেশের সামনে এখন পর্যন্ত ৩১৫ রানে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এ ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড। যেখানে ২০০৯ সালের ওই ম্যাচ ছাড়া বাংলাদেশ আর কোনো টেস্টে ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।
চতুর্থ দিন শেষে উইকেটে ব্যাট হাতে কেভেম হজ ১৪০ রানে এবং আমির জাঙ্গু ২০ রানে অপরাজিত রয়েছেন। শেষ দিনে সফরকারীরা হয়তো আর ব্যাট করতে নাও নামতে পারেন। সেক্ষেত্রেও জয়ের জন্য বাংলাদেশের সামনে থাকবে রেকর্ড ৩১৫ রান।
সিলেট টেস্টে চতুর্থ দিনটি পুরোটাই ওয়েস্ট ইন্ডিজের দখলে ছিল। সারাদিনে ৩টি উইকেট নিতে পারলেও কার্যত চালকের আসনে থেকে দিন শেষ করেছে সফরকারীরা। ওপেনার ব্র্যান্ডন কিং ৬১ এবং কেভিন উইকহ্যাম ৭৮ রানের ইনিংস খেলেছেন।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ২টি এবং বাকি উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
