সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় পৌঁছেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান তিনি। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দেশের জার্সিতে মাঠে নামবেন হামজা।
ক্লাব ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের ব্যস্ততা থাকায় সাফে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা। তবে হামজাকে ছাড়াই ১-০ গোলে জয় তুলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
রোববার শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ দল। এর মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে হামজার দলে যোগ দেওয়া বাংলাদেশের জন্য স্বস্তির খবর।
তবে একই সময়ে ফারহান আলীর দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বিলম্বে দোহায় আটকে গেছেন। নতুন করে আর কোনো জটিলতায় না পড়লে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন ফারহান।
এছাড়া ভুটানের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পেয়ে ছিটকে যাওয়া তপু বর্মণের শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তপু বর্মণকে খেলানো হবে কি-না, তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
