পারলো না আমিরাত, সুপার ফোরে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫
পারলো না আমিরাত, সুপার ফোরে পাকিস্তান

জিতলেই সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করতো স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে পাকিস্তানকে স্বল্প রানেই বেঁধে রেখেছিল।তবে ব্যাটিং ব্যর্থতায় ১৪ বল বাকি থাকতেই গুটিয়ে যাওয়া আমিরাতকে মাঠ ছাড়তে হলো হারের স্বাদ নিয়ে।

এশিয়া কাপের চলমান আসরের দশম এবং গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এ জয়ে গ্রুপ ‘এ’ থেকে ভারতের পর সুপার ফোরে খেলা নিশ্চিত করলো সালমান আগার দল।

আরব আমিরাতের বিপক্ষে এ জয়ে ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপে সুপার ফোরে খেলবে পাকিস্তান।এর আগে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত।

এছাড়া এ ম্যাচে হারের স্বাদ পাওয়া আরব আমিরাতকে ৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান থেকে এশিয়া কাপ শেষ করতে হলো। একই গ্রুপে দুই ম্যাচ খেলে জয় না পাওয়া ওমান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি একঘণ্টা পরে শুরু হয়। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে ফখর জামানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে পাকিস্তান। দলের পক্ষে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে ৫১ বলে ৬১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেন ফখর জামান ও অধিনায়ক সালমান আগা।

দলীয় ৮৬ রানে জামান ফেরার পর দ্রুত তিন ব্যাটারকে হারালে ৭ উইকেটে ১১০ রানে পরিণত হয় পাকিস্তান। এতে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় তাদের। জামান ৩৬ বলে ২টি চার ও তিন ছক্কায় ৫০ রান করেন।

শেষ দিকে মোহাম্মদ হারিস ও শাহিন শাহ আফ্রিদির দায়িত্বশীল ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আমিরাত ১৭.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। ফলে ৪১ রানের ব্যবধারে জয় পায় পাকিস্তান।



শেয়ার করুন :