ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৮ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির ক্যাম্পাসে প্রবেশ সীমিত থাকবে। একই সঙ্গে সাধারণ যানবাহনের প্রবেশ ও চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।
উল্লেখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে।
এছাড়া জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ার, খাদ্য সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি যান এবং অন্যান্য সরকারি যানবাহন চলাচল করতে পারবে।
তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি স্বাভাবিকভাবে উন্মুক্ত থাকবে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতেই বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
