আর্জেন্টিনার হয়ে ৬ অক্টোবর বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার হয়ে ৬ অক্টোবর বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো একটি বিদায়ী প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিকে বিদায়ী ম্যাচে মাঠে নামার আমন্ত্রণ জানানোর পর তিনি রাজি হয়েছেন।

৬ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো খেলতে নামবে ফুটবলের এই মহাতারকা। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের দলের আইকন ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে ৬ অক্টোবর আর্জেন্টিনায় তার প্রাপ্য বিদায়ী ম্যাচ খেলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ৬ অক্টোবর তিনি আর্জেন্টিনায় হয়ে তার প্রাপ্য বিদায়ী ম্যাচটি খেলবেন।”

ফিফার আন্তর্জাতিক সূচিতে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর এটিই হবে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে তারা। আর ৬ অক্টোবর একই শহরের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, যে ম্যাচে মেসিকে বিদায়ী উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৬ অক্টোবরের ম্যাচে মেসির সঙ্গে রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও থাকবেন। স্থানীয় লিগ থেকে নির্বাচিত খেলোয়াড়দের নাম শুক্রবার ঘোষণা করা হবে।

এদিকে, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি অবশ্য পূর্ণ দর্শক ধারণক্ষমতায় হবে না। বিশ্বকাপ চলাকালে ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে ফিফার নিষেধাজ্ঞার অংশ হিসেবে ওই ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫০ শতাংশ কম রাখা হবে।

বিশ্বকাপের ফাইনালের পর স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় নিষেধাজ্ঞায় থাকা লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা যথাক্রমে ১০, ৭ ও ১ ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করছেন। ফলে তাদের গ্যালারি বসেই মেসির বিদায়ী ম্যাচ দেখতে হবে।



শেয়ার করুন :