ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি উপলক্ষে স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সূচি অনুযায়ী, শনিবার বিকেল ৩টায় প্রথম সেমি-ফাইনালে ভারত ও ভুটান এবং রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।
গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
ম্যাচ দুটি উপলক্ষে স্টেডিয়ামের গেট দুপুর দেড়টা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। ফলে যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
