সাফের খাবার মেন্যু নিয়ে অসন্তোষ ভারতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১১ নভেম্বর ২০২৬
সাফের খাবার মেন্যু নিয়ে অসন্তোষ ভারতের

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সাফ চ্যাম্পিয়নশীপে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় ক্যাটাগরির দল নিয়ে খেলতে আসা ভারতীয় দল বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হলেও খাবার নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের কোচ নওশাদ মুসার অভিযোগ, একই মেন্যুর খাবার বার বার খেতে হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের কোচ নওশাদ মুসা বলেন, “আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। একমাত্র যে সমস্যা, সেটা হলো খাবার। একজন আয়োজক হিসেবে আপনি চাপিয়ে দিতে পারেন না যে, এটাই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট মেন্যু দেওয়া হচ্ছে, যা মানা সম্ভব নয়।”

ফুটবলারদের খাবার ও পুষ্টিগুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “ম্যাচ শেষে খেলোয়াড়দের পুষ্টিকর ভালো খাবার প্রয়োজন। ম্যাচের দিনে তারা খুব বেশি খায় না, ম্যাচের পর ভালো ডায়েট দরকার। তবে প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।”

ভারতের ন্যায় সরাসরি না বললেও টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া মালদ্বীপের কোচও খাবারের মান নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “খাবার নিয়ে ম্যানেজার, ডাক্তার, পুষ্টিবিদ ভালো বলতে পারেন। তবে সম্প্রতি মালদ্বীপে গোল্ডেন জুবিলি টুর্নামেন্ট ও সাফ অ-২০ টুর্নামেন্টে যে মানের খাবার ও পরিমাণ দেওয়া হয়েছিল, তার চেয়ে এখানে (সাফ চ্যাম্পিয়নশঅপে) অনেকটা কম, এটা বলা যায়।”



শেয়ার করুন :