ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমে নিলামে থাকছে বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম। তবে খেলতে চেয়ে নাম দিলেও সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে রাখেনি আইপিএল কর্তৃপক্ষ।
বুধবার (২৫ নভেম্বর) ২০২৭ মৌসুমের নিলামের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
গত মৌসুমে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা।
মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত নিরাপত্তার শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যায়নি বাংলাদেশ।
এতকিছুর পরও ২০২৭ আসরে আইপিএল খেলতে চেয়ে নাম দিয়েছিলেন মোস্তাফিজ। তবে নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি তার। ফিজ ছাড়াও নিলাম তালিকায় জায়গা পাননি সাকিব আল হাসান।
নিলাম তালিকায় থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটার হলেন- তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয় ও মো. রুবেল।
এক বিবৃতিতে আইপিএল থেকে জানানো হয়, টাটা আইপিএল ২০২৭ প্লেয়ার নিলামে মোট ১,২২০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। যার মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি খেলোয়াড় রয়েছে। তবে ইতিমধ্যে ১৮৪ জন খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিরা ধরে রেখেছে।
