এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক হিসেবে মিডফিল্ডার রোমান সরকারকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। একই সাথে ডিফেন্ডার আমিরুল ইসলামকে সহ-অধিনায়ক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ হকি ফেডারেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, নতুন নেতৃত্ব নিয়ে দলীয় ব্যবস্থাপনা আত্মবিশ্বাস প্রকাশ করেছে। এশিয়ান গেমসের প্রস্তুতিতে রোমান ও আমিরুল সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করছে।
ডিফেন্ডার আমিরুল ইসলাম, সম্প্রতি দলের হয়ে চীনের তিয়ানজিন প্রদেশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন। এবার তাকে জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ফেরাডেরশন।
তিয়ানজিন জিংহাই জেলা তুয়ানবো ক্রীড়া কেন্দ্রে চীন জাতীয় হকি দলের বিপক্ষে শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান গেমসের নিজেদের প্রস্তুতির প্রথম ম্যাচে তিয়ানজিন প্রদেশকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
চীনের জাতীয় দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নতুন অধিনায়ক রোমান সরকার ও সহ-অধিনায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখাবে বলে আশা করছে টিম সংশ্লিষ্টরা।
বাংলাদেশ হকি দল
বিপ্লব কুজুর, আশরাফুল হক শাদ, মো. আশরাফুল ইসলাম, মো. হোজিফা হোসেন, আমিরুল ইসলাম (সহ-অধিনায়ক), রেজাউল করিম বাবু, মো. রোমান সরকার (অধিনায়ক), মো. শহিদুর রহমান সাজু, মো. ওবাইদুল হোসেন জয়, মো. দ্বীন ইসলাম ইমন, মো. খালেদ মাহমুদ রাকিন, পুস্কার খীসা, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শেতুল, মাহবুব হোসেন, মো. মাইনুল ইসলাম, রাশেল মাহমুদ, মো. রকিবুল হাসান।
স্ট্যান্ড-বাই: এম এম মেহরাব হাসান সামিন, মো. আবেদ উদ্দিন এবং নুরুজ্জামান নাইম।
