বন্যা-হিমুর তীরে বাংলাদেশের সামনে সেরা প্রাপ্তির সম্ভাবনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১২ নভেম্বর ২০২৫
বন্যা-হিমুর তীরে বাংলাদেশের সামনে সেরা প্রাপ্তির সম্ভাবনা

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫ এর চলতি আসরে বাংলাদেশের সামনে সেরা প্রাপ্তির সম্ভাবনা জেগেছে। কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড়কে নিয়ে গড়া লাল-সবুজের দল।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়াম ঢাকায় সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে ১৫৮-১৫৩ (৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ।

ভুটানকে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে ইভেন্টের এলিমিনেশন রাউন্ড শুরু করা বাংলাদেশ কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছেল ইরানের বিপক্ষে। সেখানে ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় বাংলাদেশ।

এরপর সকালের সেশনে মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। সেখানেও বাজিমাত করে বন্যা-হিমু জুটি। এখন বৃহস্পতিবার স্বর্ণ পদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ফাইনালে উঠে হিমু বাছাড়া বলেন, “ফাইনালে উঠেছি, এটা আমাদের দু’জনের জন্যই আনন্দের। এর আগে আমরা তিন থেকে চারটা আন্তর্জাতিক ইভেন্ট খেলেছি একসাথে, কিন্তু কোনো পদক ছিল না। এই প্রথম আমরা ফাইনালে উঠলাম। ভালো করার লক্ষ্য আমাদের। সব সময় চেষ্টা ছিল দেশের জন্য কিছু করার।”

বন্যা আক্তার বলেন, “আমাদের এখন পর্যন্ত তেমন কোনো ভালো ফল হয়নি। আশা করি, এবার হবে। সর্বশেষ ২০২৪ সালে ভুটানে ব্যক্তিগত ইভেন্টে রুপা পেয়েছিলাম। জাতীয় দলে ৯ বছর ধরে আছি। আশা করি, এবার ভালো কিছু হবে।”



শেয়ার করুন :