স্টেডিয়ামে অফিস পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো কোয়াব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৪ আগস্ট ২০২৬
স্টেডিয়ামে অফিস পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো কোয়াব

দেশের ক্রিকেটের ঘর হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অফিস পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কৃতজ্ঞতা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সোমবার (২৪ আগস্ট) কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বলা হয়, নতুন অফিস স্পেসটি কোয়াব-কে তার প্রশাসনিক ও কল্যাণমূলক কার্যক্রমের জন্য একটি স্থায়ী ভিত্তি প্রদান করবে এবং বর্তমান ও সাবেক ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের অন্যান্য অংশীজনদের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনটির সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ‌‘টাইগার্স ডেন’ নামে বিশেষ একটি ক্রিকেটার্স লাউঞ্জ করা হয়েছে। যেখান থেকে সাবেক ক্রিকেটাররা পরিবারের সদস্যসহ আড্ডা এবং খেলা দেখতে পারবেন। একই সাথে কোয়াবের জন্য অফিস কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।

টাইগার্স ডেনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান ও স্থানটি সজ্জিত করায় জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি বলেন, “ক্রিকেটের ঘরে অফিস থাকা কোয়াবের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এবং এটিকে একটি কার্যকরী অফিসে পরিণত করার ক্ষেত্রে সহায়তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ।”

মিঠুন আরও বলেন, “এটি শুধু একটি কার্যালয় নয়। এটি দেশের ক্রিকেট অঙ্গনে কোয়াব-কে একটি স্থায়ী উপস্থিতি দেবে এবং ক্রিকেটারদের আরও কার্যকরভাবে সেবা প্রদানে আমাদের সক্ষম করবে। আমরা আশা করি, এটি পুরুষ ও নারী ক্রিকেটারদের মধ্যে এবং বিসিবি ও এনএসসির সাথে কোয়াবের মাধ্যমে সহযোগিতাকে আরও জোরদার করবে।”



শেয়ার করুন :