শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
খুলনায় থেকে স্বশরীরে উদ্বোধন করলেও একই সঙ্গে প্রধানমন্ত্রী অনলাইনেও সারা দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের উদ্বোধন করেন। এ সময় অনলাইনে সারাদেশ থেকে অনলাইনে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার ১০টি শ্রেণিতে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এর আগে খুলনা স্টেডিয়ামে পৌঁছলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এ সময় গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। শিশু-কিশোররা তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে। প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে, মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে গত বছরের ২ মে সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছিল। দ্বিতীয় আসরে নতুন কুঁড়ির এই কর্মসূচিতে খুলনায় ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে।
