১১ রাগবি খেলোয়াড়ের সাথে চাইনিজ তাইপে যাচ্ছেন ৯ জনের টিম অফিসিয়াল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৬
১১ রাগবি খেলোয়াড়ের সাথে চাইনিজ তাইপে যাচ্ছেন ৯ জনের টিম অফিসিয়াল

চাইনিজ তাইপেতে অনুষ্ঠিতব্য ‘এশিয়া রাগবি এমিরেটস সেভেন্স ট্রফি’ খেলতে ২০ সদস্যবিশিষ্ট দল পাঠাচ্ছে বাংলাদেশ। যাদের মধ্যে ১১ জন খেলোয়াড় এবং ৯ জন টিম অফিসিয়াল রয়েছে। যেখানে একজন ম্যানেজার, একজন কোচ এবং একজন ফিজিও ছাড়া বাকি ৬ জন ফেডারেশনের (ইউনিয়ন) সদস্য।

এশিয়া রাগবি (এআর) সহযোগিতায় এবং চাইনিজ তাইপে রাগবি ফুটবল ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ২১ থেকে ২২ নভেম্বর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

১১ জন খেলোয়াড়ের মধ্যে সবাই সেনাবাহিনীর। ইতিমধ্যে তাদের ভিসা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি ৯ জন সদস্যদের (টিম অফিসিয়াল-৬ জন, ম্যানেজার, প্রশিক্ষক, ফিজিও) চাইনিজ তাইপে ভ্রমণের জন্য ফেডারেশনের (ইউনিয়ন) চাহিদা মোতাবেক সরকারি অনুমতি (জি.ও) জারি করা হয়েছে।

তারা ১৯ থেকে ২৩ নভেম্বর, মোট পাঁচ দিনের জন্য চাইনিজ তাইপে ভ্রমণ করবেন। ২০ সদস্যের অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দলের ব্যয় রাগবি ফেডারেশন নির্বাহ করবে এবং পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে অর্থ প্রাপ্তি সাপেক্ষে ব্যয়সমূহ সমন্বয় করা হবে।

১১ সদস্যের বাংলাদেশ রাগবি দল হলো- মো. সোহেল রানা, মো. আলফাজ উদ্দিন, সোহেল আহমেদ, শ্রী টিপু রঞ্জন দাস, মো. সাদ্দাম হোসেন, আনোয়ারুজ্জামান, মো. ওবায়দুর রহমান, মো. তানভীর হোসেন, জুয়েল রানা, হারুন অর রশিদ, আক্তারুজ্জামান।

৯ সদস্যের টিম অফিসিয়ালরা হলেন- সদস্য তৌফিকুল আলম চৌধুরী, মো. আনিস উজ জামান, আতিউর রহমান চৌধুরী, আখতার উজ জামান, মো. শরিফুল ইসলাম ভরসা, মো. সিরাজুল ইসলাম এবং ম্যানেজার- সাঈদ আহমেদ, কোচ- শরিয়ার হোসেন আদ্রা, ফিজিও- মো. দেলোয়ার হোসেন চৌধুরী।



শেয়ার করুন :