আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, যতদিন সুস্থ এবং খেলার জন্য অনুপ্রাণিত বোধ করবো, ততদিন ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাব।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “আমি জানি না আমার জীবন কোন দিকে যাবে, তবে আমি এই মুহূর্তে আমার জীবন উপভোগ করছি। আমি এখনও ফিট আছি, তাই আমি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি কতদিন খেলব তা নির্ভর করবে আমার ফিটনেস, পারফরম্যান্স এবং আমার শরীর কীভাবে সাড়া দেয় তার উপর।”
৪০ বছর বয়সী অভিজ্ঞ এই খেলোয়াড় জানান, তিনি যখন অনুভব করবেন খেলার জন্য ক্ষুধা এবং উৎসাহ আর নেই, তখন তিনি খেলা থেকে সরে যাবেন।
“যদি আমি অনুভব করি ক্ষুধা (খেলার জন্য) বা উৎসাহ আর নেই, আমি খেলবো না। কিন্তু এখনও ক্ষুধা আছে। তাই আমি খেলা চালিয়ে যেতে চাই।”- মাহমুদউল্লাহ রিয়াদ।
সাম্প্রতিক শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সন্তোষজনক পারফর্মেন্স করেছেন তিনি। সামনে সুযোগ পেলে অন্যান্য ঘরোয়া এবং আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দলেও প্রতিনিধিত্ব করতে চান তিনি।
তিনি বলেন, “আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। যদি আমি বিপিএল, প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগে সুযোগ পাই, তাহলে আমি খেলবো।”
