দলের আগেই অস্ট্রেলিয়া গেলেন নাহিদ-তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৮ জুলাই ২০২৬
দলের আগেই অস্ট্রেলিয়া গেলেন নাহিদ-তাসকিন

ইনজুুরির কারণে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। তবে দল যাওয়ার আগেই চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন নাহিদ রানা। একই কারণে নাহিদের সাথে দলে থাকা তাসকিন আহমেদও অস্ট্রেলিয়া গেছেন।

চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর অস্ট্রেলিয়ায় থেকে যাবেন তাসকিন। ৩১ জুলাই বাংলাদেশ দল অস্ট্রেলিয়া পৌঁছালে সেখানে দলের সাথে যোগ দেবেন তিনি। অন্যদিকে, চিকিৎসা শেষে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন নাহিদ রানা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ‘সাইড স্ট্রেইন’ (পাজরের পেশির চোট) ইনজুরি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাই রানার এই সফরের মূল উদ্দেশ্য নয়। দীর্ঘদিনের পায়ের হাড়ের (শিনবোন) সমস্যা নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করবেন রানা।

সাংবাদিকদের শাহরিয়ার বলেন, “তাকে (নাহিদ রানা) মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। সাইড স্ট্রেইনের সমস্যাটি স্বাভাবিকভাবে সেড়ে উঠবে। তবে যে সমস্যাটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেটি চিকিৎসকদের দেখানো হবে।”

রানার পায়ের হাড়ের সমস্যায় চিকিৎসক দেখানোর সিদ্ধান্তটি শেষ মুহূর্তে নেওয়া হয়েছে, এমন ধারণা নাকচ করে শাহরিয়ার জানান, বিসিবির পেসারদের শারীরিক অবস্থা ও সক্ষমতা যাচাইয়ে পরিকল্পনার অংশ হিসেবে আগের থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছিল।

শাহরিয়ার বলেন, “আগের থেকেই একটি পরিকল্পনা ছিল। আমাদের পেস বোলার বা অন্যদের কোন সমস্যা আছে কি-না, সেই অবস্থা যাচাই করার কথা ছিল। এবার সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হচ্ছে।”

জিম্বাবুয়ে সফরে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠার ক্ষেত্রে ভালো উন্নতি করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ১২ আগস্ট শরিফুলের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বিসিবি আশা করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই দলে যোগ দিতে পারবেন শরিফুল। প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন তিনি।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবারের দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ।



শেয়ার করুন :