জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমসে খেলতে না পারা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে দলের সাথে যোগ দেওয়ার অনুমিত পেয়েছেন। মেডিকেল টিমের কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় আজ রাতেই শান্তকে সংযুক্ত আবর আমিরাতে পাঠাচ্ছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস বিভাগে ইনচার্জ শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের সাথে যোগ দিতে আজ (সোমবার) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে রওনা হবেন।”
এর আগে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়া শান্ত সুস্থ হয়ে উঠলেও দলের সাথে যুক্ত হওয়ার বিষয়ে মেডিকেল টিম সিদ্ধান্ত জানাবে। এ ক্ষেত্রে নির্বাচকদের কিছু করার নেই।
জ্বর নিয়ে এশিয়ান গেমস থেকে দেশে ফিরে সুস্থ হলেও পাঁচ দিনের ম্যাচ খেলার মতো পর্যাপ্ত ফিটনেস শান্ত ফিরে পেয়েছেন কি-না-তা পর্যবেক্ষণ করছিল দলের মেডিকেল স্টাফরা। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়কের শান্তর খেলার বিষয়ে মেডিকেল টিমের সিদ্ধান্তের অপক্ষো করছিল বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে বাংলাদেশ দল ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। আবুধাবিতে ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে টাইগাররা।
