স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে এশিয়ান গেমসে খেলতে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। স্বর্ণ তো অনেক দূরে, ব্রোঞ্জও পেল না লিটন কুমার দাসরা। শ্রীলঙ্কার তুলনামূলক ‘বি’ দলের বিপক্ষে ৬৩ রানের হারে পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৭.২ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ৬৩ রানের জয় পায় শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করতে শ্রীলঙ্কার ৫৪ রানে ৫ উইকেট তুলে নিলেও বড় সংগ্রহ ঠেকাতে পারেনি বাংলাদেশ। থারিন্দু রত্মায়েক ও অধিনায়ক শাহান আরচাগে ৯৩ রানের জুটিতে ম্যাচে ফেরে লঙ্কানরা। ৩২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৫ রান করেন রত্মায়েক। অধিনায়ক আরচাগে করেন ৩৩ রান। ফলে শেষ পর্যন্ত ২০ ওভার ১৬৫ রান করে শ্রীলঙ্কা।
দুটি করে উইকেট শিকার করেন বাংলাদেশের শেখা মাহেদি হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান। একটি করে নেন আলিস আল ইসলাম ও রিশাদ হোসেন।
লক্ষ্য তাড়া করতে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম তিন ব্যাটারের কেউই রানে খাতা খুলতে পারেননি। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস সাজঘরে ফিরেন খালি হাতে। ফলে দলীয় ৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
শুরুর ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন পারভেজ হোসেন ইমন। ২১ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
