ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০তম এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার অনুশীলন সেশনে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন। এরপর এমআরআই করানো হলে তার ইনজুরি ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সাইফউদ্দিনের তিন সপ্তাহ সময় লাগবে।
বায়েজিদুল বলেন, “দুই দিন আগে অনুশীলন সেশনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা এবং এমআরআই করার পর তার ইনজুরি নিশ্চিত হয়। সুস্থ হতে সাইফউদ্দিনের প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হবে।”
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের অনুপস্থিতির বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়শনকে (বিওএ) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেমস কর্তৃপক্ষের অনুমোদনের পর সাইফউদ্দিনের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বিসিবি।
