সাইফউদ্দিনের পরিবর্তে এশিয়ান গেমসে আলিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাইফউদ্দিনের পরিবর্তে এশিয়ান গেমসে আলিস

জাপানে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের বাংলাদেশ দলে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে অফ-স্পিনার আলিস আল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

জাতীয় দলের হয়ে এখনো কোনো ম্যাচ না খেলা ২৯ বছর বয়সী এই বোলারকে 'হোয়াইট বল' ক্রিকেটের বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিলেন আলিস।

গত শনিবার অনুশীলন সেশনে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন। এরপর এমআরআই করানো হলে তার ইনজুরি ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সাইফউদ্দিনের তিন সপ্তাহ সময় লাগবে।

বায়েজিদুল বলেন, ‍“দুই দিন আগে অনুশীলন সেশনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা এবং এমআরআই করার পর তার ইনজুরি নিশ্চিত হয়। সুস্থ হতে সাইফউদ্দিনের প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হবে।”

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের অনুপস্থিতির বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়শনকে (বিওএ) জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেমস কর্তৃপক্ষের অনুমোদনের পর সাইফউদ্দিনের বদলি খেলোয়াড় হিসেবে আলিসকে যুক্ত করা হলো।



শেয়ার করুন :