এশিয়ান গেমসের কোয়াটার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়াকে পেয়েছিল বাংলাদেশ (পুরুষ) ক্রিকেট দল। তবে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিতে পারলো না মালয়েশিয়া। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমি-ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, বাদ পড়েছে মালয়েশিয়া।
বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় দুই দলের মধ্যে মাঠের লড়াই দেখার সুযোগ পাননি দর্শকরাও। সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান। সেই ম্যাচও আবহাওয়া বা অন্য কোনো কারণে না হলে বাদ পড়বে বাংলাদেশ। কারণ, আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। তবে বাংলাদেশ বাদ পড়লেও ব্রোঞ্জ জিতবে।
২০১০ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত এশিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১৪ সালে ইনচনে রৌপ্য ও ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ জিতেছিল পুরুষ ক্রিকেট দল। এবার পূর্ণ শক্তির জাতীয় দল আসায় অন্তত ফাইনালের প্রত্যাশা ছিল ক্রিকেটপ্রেমীদের।
