দীর্ঘ ২৫ বছর পর টেস্ট ফরম্যাটে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতায় সিরিজের একমাত্র টেস্টে ইনিংস এবং ৮৫ রানে হেরে গেছে সফরকারী বাংলাদেশ।
২০০১ সালে সর্বশেষ জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। বুলাওয়েতে অনুষ্ঠিত ওই টেস্টে ইনিংস ও ৩২ রানে হার বরণ করেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৩ সালের পর জিম্বাবুয়ের মাটিতে প্রথম টেস্ট হারলো বাংলাদেশ দল।
অন্যদিকে, বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে জিম্বাবুয়ে। ইনিংস ব্যবধান বিবেচনায় জিম্বাবুয়ের এটিই সবচেয়ে বড় জয়। এর আগে ২০২৫ সালে হারারেতে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ৭৩ রানে জয় পেয়েছিল তারা।
বাংলাদেশকে হারিয়ে গত বছর আফগানিস্তানের বিপক্ষে জয়কেও ছাপিয়ে গেল জিম্বাবুয়ে। আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট জয়টি ঘরের মাঠে জিম্বাবুয়ের টানা দ্বিতীয় জয়।
২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর কোনো প্রতিষ্ঠিত টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ঘরের মাঠে এটিই জিম্বাবুয়ের প্রথম জয়। সেই বছর আফ্রিকার দেশটি বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করেছিল।
এদিকে, এর মাধ্যমে টানা চার টেস্ট জয়ের পর অবশেষে হারের দেখা পেল বাংলাদেশ। সর্বশেষ ২০২৫ সালের জুনে কলম্বোতে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছিল টাইগাররা।
