টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ফাইনালে দেখতে চান মুশতাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ফাইনালে দেখতে চান মুশতাক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে (২০২৫-২৭) চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই অবস্থা থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

জাতীয় দলের আশপাশে থাকা ও উঠতি স্পিনারদের নিয়ে মিরপুরে তিনদিনের ক্যাম্প করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। অনুশীলন শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।

মুশতাক বলেন, “ইনশা আল্লাহ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়? আমরা এখন দারুণ অবস্থায় আছি। আমরা ভালো খেলা অব্যাহত রাখা এবং বিশ্বাস বজায় রাখতে পারলে ইনশা আল্লাহ, পুরো পথ অতিক্রম করার সঠিক সময় আমাদের কাছে আছে।”

টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৩টিতে জয়, ২টিতে হার ও ১টি ড্র করে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। এই চক্রে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ জিতেছে বাংলাদেশ। গত মাসে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।

ডারউইনে প্রথম টেস্টে ব্যাট-বল হাতে দাপট দেখিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অসিদের বিপক্ষে জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ সমতায় শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে উল্লেখ করে মুশতাক বলেন, “অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে বা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর বিশ্বাস থাকলে, জয় অসম্ভব নয়। পাকিস্তানকে আমরা শেষ দুই ম্যাচেই হারিয়েছি। এখন বাংলাদেশ দল হারার ভয় পায় না।”

স্পিনারদের নিয়ে অনুশীলনের বিষয়ে মুশতাক বলেন, “আমি মনে করি, বিসিবি ও হাই পারফরমেন্স ইউনিটের এটি একটি দারুণ উদ্যোগ। আমরা এখানে তিনটি ক্যামেরা দিয়ে সামনে-পেছন ও পাশ থেকে স্পিনারদের বোলিং অ্যাকশন রেকর্ড করছি। এতে স্পিনারদের অ্যাকশন নিয়ে ভালোভাবে কাজ করা সম্ভব হচ্ছে।”

তিনি আরও বলেন, “স্থানীয় কোচদের সঙ্গে নিয়েও আমরা কাজ করছি। যাতে তারা স্পিন বিভাগ ও পরিস্থিতি সামলানোর বিষয়টি ভালোভাবে বুঝতে পারে। আমরা এখানে মূলত মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। সব স্পিনারের অ্যাকশন, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক পর্যবেক্ষণ করা হচ্ছে।”



শেয়ার করুন :