জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে একাধিক চমক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০১ জুলাই ২০২৬
জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে একাধিক চমক

জিম্বাবুয়ের বিপক্ষে একাধিক চমক রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী। নিয়মিত অধিনায়ক লিটন দাস ছুটি নেওয়ায় নেতৃত্বে তাওহিদ হৃদয় এবং বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী।

বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করে বিসিবি। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ঘোষিত দলে আছেন ওপেনার পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। এছাড়া মিডল অর্ডারে অধিনায়ক তাওহিদ হৃদয়ের পাশাপাশি রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী ও উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

অলরাউন্ডার ও স্পিন বিভাগে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং আব্দুল গাফফার সাকলাইন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সাথে আছেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে ১৫, ১৭ এবং ১৮ জুলাই। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজের আগে একমাত্র টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ৮৫ রান এবং ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ দল। লাল বলের হারের পর এবার সাদা বলে টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।



শেয়ার করুন :