এশিয়ান গেমসে খেলতে দলের সাথে জাপান গেলেও নাজমুল হোসেন শান্তর খেলা হচ্ছে না। জ্বরের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন টেস্ট দলের অধিনায়ক শান্ত। দেশে থেকে জাপানে যাওয়া পর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
বাংলাদেশ কন্টিনজেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিমের পর্যবেক্ষণের পর এশিয়ান গেমসে থেকে শান্তকে দলের বাইরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরে আসবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়, মঙ্গলবার শান্ত ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বিসিবির পাঠানো বার্তায় শান্তকে নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, “আমরা পৌঁছানোর (জাপান) পর থেকেই শান্ত জ্বরে ভুগছেন। চার দিন পেরিয়ে গেলেও জ্বর কমেনি। এটি মৃদু মাত্রার জ্বর এবং এখানে করা পরীক্ষায় সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে; তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে।”
তিনি আরও বলেন, “স্বাভাবিকভাবেই তিনি এখন অত্যন্ত দুর্বল এবং এশিয়ান গেমসে অংশ নেওয়ার মতো অবস্থায় সুস্থ হয়ে উঠার সম্ভাবনা নেই। তাই তাকে (শান্ত) দেশে ফেরত পাঠানো হচ্ছে।”
এর আগে ইনজুরির কারণে সাইফউদ্দিনও এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অফ-স্পিনার আলিস আল ইসলাম। এখন নাজমুল হোসেন শান্তও ছিটকে গেছেন। তবে শান্তর পরিবর্তে দলে কাউকে এখনো যুক্ত করা হয়নি।
