জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার মতে, বাংলাদেশের ফুটবল বিশ্বকাপে খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে দক্ষ স্ট্রাইকারের অভাব, ক্লাবগুলোর অসুস্থ প্রতিযোগিতা এবং ফুটবল শুধু ঢাকা কেন্দ্রিক হওয়ায় বাংলাদেশ শুধু স্বপ্নই দেখে যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপে খেলা দেখতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন জামাল ভূঁইয়া। নিউইয়র্কে জামালকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্পোর্টস সোস্যাল মিডিয়া প্লাটফর্ম গেমপ্লিফাইয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীর বাংলাদেশীদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ব্রাজিলের সমর্থক জামাল হিউস্টনে প্রিয় দলের খেলাও দেখেন।
জামাল ভূঁইয়া জানান, কেপ ভার্দের মতো ছোট দেশ বিশ্বকাপে খেলছে। তাদের ফুটবলাররা নিয়মিত ইউরোপিয়ান লিগে খেলে। জাতীয় দলে হামজা-শমিতদের সাথে আরও ভালো মানের বিদেশি খেলোয়াড় যুক্ত হলে ভবিষ্যতে বাংলাদেশকেও বিশ্বকাপে দেখা যেতে পারে।
তবে দেশের ফুটবলে দক্ষ স্ট্রাইকারের অভাব দেখছেন জামান ভূঁইয়া। বলেন, ঘরোয়া ফুটবলে ক্লাবগুলো সেরা হতে ফরোয়ার্ড লাইনে শুধু বিদেশিদের প্রাধান্য থাকায় ভুগছে বাংলাদেশ। দেশীয় দক্ষ স্ট্রাইকার তৈরি হচ্ছে না। এটা দেশের ফুটবল অগ্রগতির অন্তরায়।
জাতীয় দলের নতুন কোচ টমাস ডুলিকে নিয়ে জামাল বলেন, সাবেক কোচ হাভিয়ের কাবরেরা দলের অবনতি করেছেন। সেখান থেকে উত্তরনের চেষ্টা করছেন নতুন কোচ টমাস ডুলি। নতুন কোচের দায়িত্ব বাংলাদেশে সানমারিনোর বিপক্ষে জিতেছে।
মুরাদ হোসেন, নিউইয়র্ক/আরএস
