আসিয়ান কাপে সফল হতে এক বা দুটি জয় চান জামাল ভূঁইয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে সফল হতে এক বা দুটি জয় চান জামাল ভূঁইয়া

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে আজ শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘এ’-র উদ্বোধনী ম্যাচ দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। তবে পুরো আসরে সফল হতে হলে কয়েকটি পয়েন্ট বা এক-দুটি জয় চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এমন প্রত্যাশার কথা জানান বাংলাদেশের অধিনায়ক। জানান- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে তিনটি ম্যাচ খেলার জন্য খেলোয়াড়রা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জামাল ভূঁইয়া বলেন, “আমরা জানি ম্যাচগুলো কঠিন হবে, তবে নিজেদের এবং দলের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং ভালো ম্যাচ খেলতে চাই। কোচ যেমনটা বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টের মতো। কারণ, এক মাস পরেই আমাদের আরেকটি টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য।”

সাফ চ্যাম্পিয়নশীপের আগে প্রস্তুতির কথা বললেও প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপের আসরে সফল হতে শর্তও ছুঁড়ে দিয়েছেন জামাল ভূঁইয়া। বলেন, “তবে অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। যদি আমরা কয়েকটি পয়েন্ট কিংবা হয়তো এক-দুটি জয় তুলে নিতে পারি, তবেই এই টুর্নামেন্টটি আমাদের জন্য অত্যন্ত সফল হিসেবে গণ্য হবে।”
sportsmail24

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি জানান, নভেম্বরে নিজেদের মাটিতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টটি প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডুলি বলেন, “এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের যাচাই করে দেখার সুযোগ আমরা সব সময়ই চেয়েছি। আমাদের পরবর্তী বড় লক্ষ্য হলো সাফ চ্যাম্পিয়নশিপ, যা নভেম্বরে আমরা আয়োজন করবো; তাই সেই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ।”

মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচগুলো যে কঠিন হবে, তা স্বীকার করে ডুলি বলেন, “আমরা জানি আমাদের অবস্থান কোথায়। আমি জানি দেশে অনেক ভক্ত হয়তো আশা করছেন যে আমরা এখানে এসে সবাইকে হারিয়ে দেব, কিন্তু ফুটবলে বিষয়টি সেভাবে কাজ করে না। শুরুতে এই টুর্নামেন্টে আমাদের অংশ নেওয়ার কথা ছিল না, তাই আমন্ত্রণ পেয়ে আমরা খুবই খুশি। আমরা জানি যে আমরা তুলনামূলক দুর্বল দল (আন্ডারডগ), কিন্তু ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে।”



শেয়ার করুন :