ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদে পুরুষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ছয় রেটিং পয়েন্ট হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (৫ মে) প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সমস্ত টি-টোয়েন্টি ম্যাচকে শতাভাগ এবং বিগত দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ হিসেবে ধরা হয়েছে।
তালিকার শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভারত, যাদের রেটিং পয়েন্ট ২৭৫। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড (২৬২) এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৫৮)।
এছাড়া শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। দলগুলো হলো যথাক্রমে- নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।
অন্যদিকে, র্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির টি-টোয়েন্টি ক্রিকেট দল নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে ১৩তম স্থানে উঠেছে। এছাড়া নেপাল সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে ১৭তম এবং ওমান কানাডাকে টপকে ১৯তম স্থানে উঠে এসেছে।
শীর্ষ ২০-এর বাইরে ইতালি ১১ পয়েন্ট অর্জন করে ২৬ থেকে ২৩ নম্বরে, স্পেন ১২ পয়েন্ট পেয়ে ৩০ থেকে ২৬ নম্বরে এবং সাইপ্রাস ও এসওয়াতিনি যথাক্রমে ১০ পয়েন্ট করে পেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেঅ
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মোজাম্বিক, যারা ১৫ ধাপ পিছিয়ে ৮৭ নম্বরে নেমে গেছে। সর্বশেষ আপডেটে র্যাংকিংয়ে থাকা দলের সংখ্যা ১০২ থেকে কমে ৯৮-এ নেমে এসেছে, যেখানে ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েল প্রয়োজনীয় ম্যাচ না খেলায় তালিকা থেকে বাদ পড়েছে।
নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়েও শীর্ষ ১৬ দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়া ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে, ইংল্যান্ড (২৭৫) দ্বিতীয় এবং ভারত (২৬৪) তৃতীয় স্থানে রয়েছে।
শ্রীলঙ্কা সপ্তম স্থানে থাকলেও তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে অন্য দলগুলো। বাংলাদেশও উন্নতি করে নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছে, ব্যবধান মাত্র এক পয়েন্ট।
