নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। ব্যাটারদের তালিকায় শারমিন আক্তার-দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার এবং বোলারদের তালিকায় উন্নতি হয়েছে স্পিনার সুলতানা খাতুনের।
মঙ্গলবার (৫ মে) নারীদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সদ্য ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ঐ সিরিজের প্রথম ম্যাচে ১ রানে থামলেও, দ্বিতীয়টিতে ৪৪ রান করেন শারমিন। ফলে ১০ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৪৯৯।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের তিন ম্যাচে যথাক্রমে- ২৩, ২৩ ও ৯ রান করেন ওপেনার দিলারা। ৪২৮ রেটিং নিয়ে পাঁচ ধাপ উন্নতিতে ৫৫তম স্থানে উঠেছেন তিনি।
সিরিজের প্রথম ম্যাচের সতীর্থদের ব্যর্থতার পরও লড়াকু ইনিংস খেলেন ছয় নম্বরে নামা স্বর্ণা। ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৬০ রান করেন তিনি। পরের দুই ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন স্বর্ণা। ১২ ও ৪ রান করেন এই ব্যাটার। এতে ১৯ ধাপ উন্নতিতে যৌথভাবে ৬২তম স্থানে জায়গায় করে নিয়েছেন স্বর্ণা। তার রেটিং এখন ৩৯৩।
বোলিংয়ে বাংলাদেশের পক্ষে বড়সড় লাফ দিয়েছেন সুলতানা। ৪৮ ধাপ এগিয়ে ৫৪০ রেটিং নিয়ে ৩৮তম স্থান দখল করেন তিনি। শ্রীলংকার বিপক্ষে সিরিজে তিন ইনিংসে ৬ উইকেট নেন সুলতানা। শেষ ম্যাচে ৮ রানে ৩ উইকেট তার সেরা বোলিং পারফরমেন্স।
বাংলাদেশের ব্যাটারদের সবার উপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে শ্রীলংকা সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় র্যাংকিংয়ে অবনতি হয়েছে তার। তিন ইনিংসে মাত্র ২০ রান করায় চার ধাপ পিছিয়ে ৫৮২ রেটিং নিয়ে ২৩তম স্থানে নেমে গেছেন নিগার।
বোলারদের মধ্যে সবার উপরে আছেন স্পিনার রাবেয়া খান। শ্রীলংকার বিপক্ষে শুধুমাত্র প্রথম ম্যাচ খেলেছেন তিনি। ৬ রান করার পাশাপাশি বল হাতে ২১ রান খরচ করেও কোন উইকেট পাননি রাবেয়া। পাঁচ ধাপ অবনতিতে ১৮তম স্থানে আছেন রাবেয়া।
