ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটিং নৈপুন্যে এশিয়া কাপে সুপারের ফোরের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা।
সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা হংকংকে উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৪১ রানের সূচনা এনে দেন জিশান আলি ও অংশুমান রাথ। জুটিতে ১৭ বলে ২৩ রান তুলে শ্রীলঙ্কান পেসার দুসমন্থ চামিরার বলে আউট হন জিশান।
তিন নম্বরে নামা (৪) বাবর হায়াত আউট হলে ৫৭ রানে ২ উইকেট হারায় হংকং। এরপর তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোর ১শ পার করেন রাথ ও নিজাকাত খান। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ বাউন্ডারিতে ৪৬ বলে ৪৮ রান করে চামিরার দ্বিতীয় শিকার হন রাথ।
দলীয় ১১৮ রানে রাথ ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম হাফ-সেঞ্চুরিতে হংকংকে লড়াকু সংগ্রহ এনে দেন নিজাকাত। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে হংকং। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫২ রান করেন নিজাকাত। শ্রীলঙ্কার চামিরা ২৯ রানে ২ উইকেট নেন।
জবাবে ওপেনার নিশাঙ্কার হাফ-সেঞ্চুরিতে ১৫ ওভার শেষে ২ উইকেটে ১১৯ রান তুলে জয়ের পথেই থাকে শ্রীলঙ্কা। তবে ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লংকানরা। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৮ রান করেন নিশাঙ্কা।
সপ্তম উইকেটে দাসুন শানাকাকে নিয়ে ১১ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয় এনে দেন হাসারাঙ্গা ডি সিলভা। ৯ বলে অনবদ্য ২০ রান করেন হাসারাঙ্গা। ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন শানাকা। হংকংয়ের মুর্তাজা ২ উইকেট নেন।
