ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এমপি সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে। যার ফলে সাকিব আর দেশে ফেরেননি, এমনকি দেশের হয়ে কোন ম্যাচও খেলতে পারেননি দেশসেরা এই অলরাউন্ডার। তবে আবারও দেশের হয়ে খেলতে চান সাকিব।
দেশের একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজেও বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন সাকিব আল হাসান।
দেশের সবাইকে সালাম দিয়ে শুরু করা স্ট্যাটাসে সাকিব বলেন, “সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে।”
তিনি লিখেন, “ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।”
রাজনীতির কারণে দেশ ছাড়া সাকিব অবশ্য স্ট্যাটাসে রাজনীতির গুণগান গেয়েছেন। বলেন, “একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।”
দেশের হয়ে আবারও ক্রিকেট খেলার প্রত্যাশা করে দোয়া চেয়ে সাকিব লিখেন, “আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।”
