বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৪ জুন ২০২৬
বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শন টেইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবি জানায়, জাতীয় দলের বোলিং কোচ শন টেইট পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। সিদ্ধান্তটি সৌহার্দ্যপূর্ণভাবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে গৃহীত হয়েছে।

শন টেইট ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন এবং দেশের ফাস্ট-বোলিং শক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার বাংলাদেশ জাতীয় দলের একটি সফল সময়েরও অংশ ছিলেন। তার সময়ে দলটি বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স ও ফলাফল অর্জন করেছে।

বাংলাদেশ ছাড়ার প্রসঙ্গে শন টেইট বলেছেন, ‍‍“সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না এবং আমাদের আলোচনা চলাকালীন বিসিবির দেখানো বোঝাপড়া ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে তাতে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানাই।”

বিসিবি বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের মূল্যবান সেবা ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার ভবিষ্যৎ কর্মজীবনে অব্যাহত সাফল্য কামনা করেছে।



শেয়ার করুন :