১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৬
১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্বে ঘোষিত সীমিত ওভারের সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।

সংশোধিত সূচি অনুযায়ী, ৫ জুনের পরিবর্তে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে- ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সফরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। ২০ ওভারের ফরম্যাটের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল অসিরা। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল সফরকারীরা।

এর আগে, ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটিও ৩-০ ব্যবধানে জিতেছিল অসিরা। এছাড়া ২০২১ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া।

ওই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিল অসিরা।

২০০৬ ও ২০১৭ সালে বাংলাদেশের মাটিতে দুইবার টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে অসিরা। তবে পরেরবার দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ।



শেয়ার করুন :